৮ ইঞ্চিতে নিজের প্রতিকৃতি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
বিভিন্ন উত্সব উপলক্ষে অনেকেই ছবি তুলে থাকেন। নিজের ছবি তো বটেই, পরিবারের সবাইকে একসাথে নিয়েও ছবি তোলার রেওয়াজ রয়েছে সারা বিশ্বেই। তবে জাপানে এবার গড়ে তোলা হয়েছে বিশ্বের প্রথম ত্রিমাত্রিক স্টুডিও। এই স্টুডিওতে সাধারণ ছবি তোলার বদলে ত্রিমাত্রিক ছবি তোলা হবে আর ছবির প্রিন্টও সাধারণ ছবির মতো হবে না। প্রিন্ট আকারে বেরিয়ে আসবে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের ক্ষুদে আকৃতি। হ্যাঁ, এটি আর কল্পনা নয়, বরং বাস্তব। এই স্টুডিওতে ছবি তুলে নিজের ক্ষুদে আকৃতির মূর্তি পেতে ছবির পোজ দিতে হবে ১৫ মিনিট ধরে। এই সময়ে ক্যামেরার মাধ্যমে আপনার শরীরের এবং পরিহিত পোশাকের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। মূলত এই প্রক্রিয়াতে মূলত একটি হাতে ধরে রাখা স্ক্যানারের সাথে ব্যবহার করা হবে দুইটি ক্যামেরা। স্ক্যান করার এই প্রক্রিয়ার পূর্ণ প্রক্রিয়াটি প্রক্রিয়াকরণ করা হবে একটি সফট্যওয়্যারের মাধ্যমে। স্ক্যান করা হয়ে গেলে সফটওয়্যারটি আপনার প্রতিমূর্তিটি তৈরি করার জন্য মডেল প্রদান করবে। এরপর ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে তৈরি হয়ে যাবে ক্ষুদে আকৃতির আপনার প্রতিমূর্তি। কাজেই এবারের ক্রিসমানে জাপানের অধিবাসীরা ছবি তোলার বদলে নিজেদের মূর্তি তৈরি করিয়ে নেওয়ার সুযোগটি পেয়ে যাচ্ছেন। এই প্রকল্পের পেছনে রয়েছে পার্টি ইনকরপোরেশন নামের একটি প্রতিষ্ঠান। তারা যে ত্রিমাত্রিক স্টুডিওটি গড়ে তুলেছেন, তার নাম দেওয়া হয়েছে ‘ওমোটে থ্রিডি শাশিন ক্যান’। এই স্টুডিওতে তিন আকৃতির প্রতিমূর্তি তৈরি করার সুযোগ রাখা হয়েছে—৪ ইঞ্চি, ৬ ইঞ্চি এবং ৮ ইঞ্চি।