বগুড়ার শেরপুরে দুইদল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) দুই সদস্য নিহত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার সংলগ্ন গোবিন্দপুর ব্রিজ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ওয়ান শুটারগান, ৮ রাউন্ড গুলি, ২টি চাপাতি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির হাতে লেখা ৩টি পোস্টার উদ্ধার করেছে পুলিশ। বন্দুকযুদ্ধে নিহতরা হলেন— সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের অর্জনী গ্রামের মো. লিটন (৩৬) ও একই জেলার তাড়াশ উপজেলার পাইকড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে মো. আফছার আলী (৪৫)।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের প্রধান সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার ভবানীপুর বাজার এলাকায় দুইদল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। খবর পেয়ে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম জানান, নিহতরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
