গঙ্গাচড়ায় রেলিং বিহীন সেতু, ঝুঁকিপূর্ণ পরাপার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
গঙ্গাচড়ায় নোহালী ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঘাঘট নদীর উপর নির্মিত ব্রিজটির রেলিং না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন লোকজন। ঘাঘট নদীর উপর নোহালী ইউনিয়নের পশ্চিম কচুয়া, পূর্ব কচুয়া ও মধ্য কচুয়া গ্রামের সংযোগ সেতুটি ২০০০ সালে নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু সেতুটি নির্মাণের পর থেকে এলাকাবাসী সেতুর রেলিং-এর রড ভেঙ্গে নিয়ে যায়। পুরো সেতুর এক পাশের রেলিং নেই। লোকজন, মোটর সাইকেল, ভ্যান, রিকশা, সাইকেল নিয়ে ঝুঁকিতে চলাচল করছে। প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। নোহালী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটু জানান, সেতুর উপর দিয়ে চলাচল করা খুব ঝুঁকিপূর্ণ। স্থানীয় লোকজন রাতের আঁধারে রেলিং-এর রড চুরি করেছে। সমপ্রতি চারজন ভ্যান চালক নদীতে পড়ে গুরুতর আহত হয়েছে। তাছাড়া সেতুটির দু’পাশে সংযোগস্থলে পর্যাপ্ত মাটি না থাকায় বিপদ আরো বাড়ছে। বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর কোন কাজ হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী আলাউদ্দিন জানান, বরাদ্দ পেলে সেতুর রেলিং-এর কাজ করা হবে।