এবার জাতিসংঘ অস্ত্রবাণিজ্য চুক্তি থেকেও প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২২:৩৭

জলবায়ু চুক্তির পর এবার জাতিসংঘের অস্ত্র বাণিজ্য চুক্তি (এটিটি) থেকেও নিজের দেশকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। তিনি সরাসরি বলেন, আমরা আমাদের স্বাক্ষর ফিরিয়ে নিচ্ছি। খবর বিবিসির।

২০১৩ সালে জাতিসংঘের উদ্যোগে ১৩০টি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করে। গোটা বিশ্বে অস্ত্রের কেনাবেচা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে চুক্তিটি হয়েছিল। যুক্তরাষ্ট্রের পক্ষে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জাতিসংঘের এ চুক্তিটিতে সই করেছিলেন। এখন ট্রাম্প মনে করছেন, এ চুক্তির ফলে তার দেশের মর্যাদাহানি হয়েছে। তাই শিগগিরই এ চুক্তি থেকে আমেরিকার নাম প্রত্যাহারের জন্য জাতিসংঘকে আনুষ্ঠানিক নোটিশ দিবেন। আমেরিকা কারও  কাছে তার সার্বভৌমত্ব সমর্পণ করবে না বলে মন্তব্য করেন ট্রাম্প।

চুক্তিতে বলা হয়েছিল, অস্ত্র রফতানিকারক দেশগুলোকে জাতিসংঘের কাছে তাদের অস্ত্র বাণিজ্যের প্রতিবেদন জমা দিতে হবে। রফতানিকৃত অস্ত্র কোনওভাবে মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহূত হচ্ছে কিনা তা যাচাই বাছাই করতে হবে। গণহত্যা বা যুদ্ধাপরাধের মতো কর্মকান্ডে ব্যবহার অথবা সন্ত্রাসীদের হাতে পড়লে রফতানিকারক দেশকেই ওই অস্ত্র হস্তান্তর ঠেকানোর কথা বলা হয়েছে চুক্তিতে।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম অস্ত্র রফতানিকারক দেশ যুক্তরাষ্ট্র। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ার চাইতে প্রায় ৫৮ শতাংশ বেশি অস্ত্র বিক্রি করে থাকে দেশটি। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ এখন পর্যন্ত স্বাক্ষরকারী ১০১ দেশে ওই চুক্তি অনুমোদন পেয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রসহ বাকি ২৯টি দেশ জাতিসংঘের অস্ত্র চুক্তিতে স্বাক্ষর করলেও নিজ নিজ দেশে আইনে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় অনুমোদন এখনো দেয়নি।