কোটালীপাড়ায় অন্ধত্ব নিবারণে অরিয়েন্টশন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরিহারযোগ্য অন্ধত্ব নিবারণে কমিউনিটি লিডারদের অরিয়েন্টশন হয়েছে । সোমবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্সে সাইটসেভার্সের সহযোগিতায় ন্যাশনাল আই কেয়ারের আয়োজনে অন্ধত্ব নিবারণে কমিউনিটি লিডারদের অরিয়েন্টশন হয় । গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ন্যাশনাল আই কেয়ারের লাইন ডাইরেক্টর প্রফেসর দীন মোহম্মদ।
ফরিদপুরে দুই সন্তানের জননীর আত্মহত্যা
ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রায়কাইল গ্রামে সোমবার রাতে নবিরুন বেগম (৩২) নামে ২ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার স্বামীর নাম জহুর আলী। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে নবিরুন। নবিরুন ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিল।
ঈশ্বরগঞ্জে পিতার মামলায় ছেলে গ্রেফতার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদতা\ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিতার অবাধ্য ও নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে মামলার অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার উচাখিলা ইউনিয়নের আলীনগর গ্রামের গোলাম ফারুকের ছেলে গোলাম কিবরিয়া রাকিব (২০) নেশায় আসক্ত হওয়ার ফলে পিতা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল মঙ্গলবার পুলিশ ঈশ্বরগঞ্জ কৃষি ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
নলছিটিতে যুবদল নেতার দোকানে আগুন
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা\ ঝালকাঠির নলছিটিতে যুবদল নেতার একটি ওষুধের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার কয়া ভূট্টোবাজারে এ ঘটনা ঘটে।
নলছিটির দপদপিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাবুল খান জানান, সোমবার রাতে ওষুধের দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। রাতে দুর্বৃত্তরা তার দোকানে আগুন দিয়ে পালিয়ে যায়।
দর্শনায় বাউল উত্সব শেষ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ মঙ্গলবার গানের মধ্য দিয়ে দর্শনার আকন্দবাড়িয়ায় তিনদিনের লোক ও বাউল উত্সব শেষ হয়েছে। উল্লেখ্য, ৩০ নভেম্বর দর্শনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক অনুষ্ঠানটি উদ্বোধন করেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ।
মাদারীপুর হাসপাতালে লোকবল সংকট
মাদারীপুর প্রতিনিধি \ সদর হাসপাতালে কনসালটেন্টের ও কর্মচারীর ৩২টি পদ বর্তমানে শূন্য রয়েছে। প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীর অভাবে এলাকাবাসী সুচিকিত্সা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু এখনও লোক নিয়োগ করা হয়নি। জেলা সদরের এ হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসারের (আরএমও) পদটিও শূন্য।
জীবননগর মেয়রের প্রতিষ্ঠানে বোমা হামলা
জীবননগর সংবাদদাতা\ সোমবার রাতে জীবননগর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি নোয়াব আলীর দত্তনগরস্থ সড়কে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বোমা হামলার ঘটনা ঘটেছে। এব্যাপারে পৌর মেয়র নোয়াব আলী জানান, রাজনৈতিকভাবে দমাতে এ বোমা হামলার ঘটনা ঘটানো হয়েছে।
গাছ কাটায় দুমকির প্রকৌশলী গ্রেফতার
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা\ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিস্তিপ্রস্তরের সময় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি ফলকের পাশে বকুল গাছ রোপণ করেন। বকুল গাছটি বড় হয়ে যাওয়ায় পল্লী বিদ্যুতের তারে গাছটির ডালপালা লাগার কারণে দুমকির সহকারী প্রকৌশলী বিমল চন্দ সেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ডাল কেটে ফেললে কর্তৃপক্ষ থানা পুলিশের মাধ্যমে তাকে গ্রেফতার করে।
মোরেলগঞ্জে মত্স্যজীবীদের বীমাকরণ সভা
মোরেলগঞ্জ সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও মত্স্য দপ্তরের উদ্যোগে সোমবার মত্স্যজীবীদের বীমাকরণ বাস্তবায়ন সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাকক্ষে মত্স্যজীবীদের নিয়ে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোহর আলী। সভায় উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের টিএ দুলাল চন্দ্র নন্দী। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার। বক্তব্য রাখেন উপজেলা সহকারী মত্স্য কর্মকর্তা ইয়াকিন আলী শেখ।
ঝিনাইদহে সাজাপ্রাপ্ত সন্ত্রাসী গ্রেফতার
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ সোমবার ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে সাড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত ফেরার সন্ত্রাসী আকতার হোসেন সাগরকে গ্রেফতার করেছে র্যাব। সে মাগুরার সাতানী গ্রামের মজু শেখের ছেলে।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার হামিদুল হক জানান, সাগর ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলায় মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় মুক্তিপণের জন্য মানুষ আপহরণ করে হত্যার দুটি মামলাসহ চাঁদাবাজির মামলা আছে।
ডোমারে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী ডোমার উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর থামাত পাড়া গ্রামের হেমাদ আলীর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে তিন লক্ষ টাকার মালামাল অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। ডোমার সদর থেকে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাটোরে বাউল মেলা
নাটোর প্রতিনিধি \ প্রতি বছরের মতো এবারও নাটোরে তিনদিনব্যাপী বাউল মেলা শুরু হয়েছে। বাউল কার্তিক দাস এ মেলার আয়োজন করেন। রবিবার মেলা উদ্বোধন করেন নাটোর জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান। বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হাসান চৌধুরী, রাজশাহী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল ওহাব ও নাটোর এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
কুমিল্লায় ঘুড়ি উত্সব
কুমিল্লা প্রতিনিধি \ আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে কুমিল্লায় এই প্রথমবারের মতো ঘুড়ি উত্সবের আয়োজন করা হয়েছে। সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘উষসী পরিষদ’ ও ‘আম্বিয়া খাতুন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ বুধবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঘুড়ি উত্সব অনুষ্ঠিত হবে। ঘুড়ি প্রদর্শনী ও উড়ানো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ম বিজয়ী ১০ হাজার, ২য় বিজয়ী ৭ হাজার ও ৩য় বিজয়ীর জন্য ৫ হাজার টাকা মূল্যমানের পুরস্কারসহ ২০ জনকে পুরস্কার দেয়া হবে।
চান্দাইকোনায় পাঠাগারে বইপড়া উদ্বোধন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ চান্দাইকোনায় সর্বজনীন পাঠাগারে বইপড়া কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে পাঠাগার হলরুমে পাঠাগারের আহ্বায়ক কাজী আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। শিক্ষাবিদ এস আর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন বইপড়া কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সীমাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ক্ষুদে পাঠক আরাফাত ইসলাম সুপ্ত’র হাতে বই তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন ধনকুন্ডী শাহানাজ-সিরাজ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক, রায়গঞ্জ প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) দীপক কুমার কর। উপস্থিত ছিলেন, পাঠাগারের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক নাছিম।
মতলব দক্ষিণে বাল্য বিয়ে বিচ্ছেদ করলো এক ছাত্রী
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা \ মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি গ্রামের দশম শ্রেণীর ছাত্রী বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবগত হয়ে বিবাহ বিচ্ছেদ করেছে। ৫ অক্টোবর লেজাকান্দি গ্রামের বাদশা মিজির ছেলে মুরাদ হোসেন মিয়াজী একই বাড়ির দুলাল মিজির মেয়ে ১০ম শ্রেণীর ছাত্রীকে ঢাকার একটি কোর্টে বিয়ে করে। কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তাদের বিবাহ বিচ্ছেদ করানো হয়।
বেলাবোতে কবুতর প্রেমিকদের মিলন মেলা
নরসিংদী প্রতিনিধি \ বেলাব উপজেলা সদরে ব্যতিক্রমধর্মী একটি কবুতর মেলা উদ্বোধন করা হয়। সোমবার এলাকার কতিপয় সমাজ সেবক দ্বিতীয় বার্ষিক কবুতর মেলা আয়োজন করেন। কবুতর মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন। কবুতর মেলায় সভাপতিত্ব করেন সমাজ সেবক ইউপি চেয়ারম্যান মোঃ আবু লায়েছ মিয়া। বক্তব্য রাখেন, সমাজ সেবক সোহেব মিয়া, ঢাকা থেকে আগত কবুতর প্রেমিক জাকির হোসেন।
ঠাকুরগাঁওয়ে মামলা করে শিক্ষক দম্পতি ঘর ছাড়া
ঠাকুরগাঁও প্রতিনিধি
জমি দখলের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা এক স্কুল শিক্ষকের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। আদালতে মামলা করায় এখন প্রাণভয়ে সস্ত্রীক পালিয়ে বেড়াচ্ছেন ওই শিক্ষক দম্পতি। এর প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার শিক্ষক দম্পতি ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বালিয়াডাঙ্গী উপজেলার চিহ্নিত সন্ত্রাসী আব্দুস সালামের ছোট ভাই আক্তার হোসেন লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু বক্কর সিদ্দিকের পৈত্রিক জমির কিছু অংশ কিনে নেয়। পরবর্তীতে ওই দাগের চিহ্নিত অংশের পরিবর্তে শিক্ষকের ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক পাকা ঘর নির্মাণ করে। এ ঘটনায় স্কুল শিক্ষক আদালতে মামলা করলে সন্ত্রাসী চক্র ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নেয়ার জন্য চাপ দেয়। তিনি মামলা না তোলায় গত ২৬ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে রাস্তায় আটক করে বেধড়ক মারপিট করে।
