তালায় আদম ব্যাপারীর খপ্পরে ৪ যুবক সর্বস্বান্ত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
দুবাই পাঠানোর প্রলোভন দেখিয়ে সাতক্ষীরার তালায় চার যুবকের কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকদফা খুলনার ডালমিল মোড়ে তানভীরের বাসা ঘেরাও করে ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা জানায়, সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামের মো. হেকমত শেখের ছেলে মো. হামিদুর রহমানের কাছ থেকে আড়াই লাখ টাকা, তার সহোদর মো. আকবর হোসেনের কাছ থেকে আড়াই লাখ টাকা, একই এলাকার মোহাম্মদ আলী খানের ছেলে মো. হযরত খানের কাছ থেকে ৫০ হাজার টাকা এবং আকবর আলী শেখের ছেলে মো. আল আমীনের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন খুলনার ডালমিল মোড়স্থ ১১/১ বি কে রায় রোডের ‘মোস্তরী মঞ্জিল’র বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে তানভীর হোসেন। কথা ছিল তাদেরকে দুবাই পাঠাবেন তানভীর। সে অনুযায়ী ঢাকার মগবাজারের একটি ট্রেনিং সেন্টারে ৩ মাস প্রশিক্ষণও দেয়া হয় তাদের। পরে একটি করে ভুয়া সনদ দেয়া হয় তাদের। আল-আমীন ও হযরতকে ভুয়া ভিসাও দেয় তারা। এ সবকিছুর মাধ্যমে বিভিন্ন সময়ে ওই চারজনের কাছ থেকে সর্বমোট ৬ লাখ টাকা নেন আদম ব্যাপারী তানভীর। একপর্যায়ে বিদেশ পাঠাতে ব্যর্থ হন তিনি। ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে তানভীর টালবাহানা শুরু করে। পরে তানভীর একটি ব্যাংকের ছয় লাখ টাকার একটি চেক হামিদের নামে কেটে দেন তানভীর। কিন্তু সে চেকটিও ‘ডিসঅনার’ হয়। এরপর থেকে তানভীর ঢাকা আত্মগোপন করে থাকছেন। তার ব্যবহূত মোবাইল নম্বর দু’টিতে যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেন না বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ ঘটনায় ঐ ভুক্তভোগীরাসহ এলাকার প্রায় অর্ধশত নারী-পুরুষ টাকা আদায়ের দাবিতে কয়েকদফা তানভীরের বাড়ি ঘেরাও করে। ভুক্তভোগী হামিদুর রহমান বলেন, তানভীর প্রথমে টাকা ফেরতের কথা বলে আসলেও, এখন আর আমাদের সাথে কোন যোগাযোগই করছে না। জমি-জমা, সহায়-সম্পত্তি যা ছিল, সব বিক্রি করে বিদেশ যাওয়ার স্বপ্নে টাকাগুলো তার হাতে তুলে দিয়ে নিঃস্ব হয়ে গেছি আমরা। এ ঘটনার সত্যতা স্বীকার করে তানভীর হোসেন বলেন, ব্যাপারটা মিমাংসার চেষ্টা করছি। পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির নেতা আটক সাতক্ষীরার তালায় পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা ও হত্যা মামলার পলাতক আসামি জিয়া নিকারীকে (৩৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার জেয়ালা গ্রামের পাশে একটি ঘেরের বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, জিয়া নিকারী এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, হত্যা, চুরিসহ একাধিক মামলা রয়েছে। সে বাবলু নিকারী হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক ছিল।