পাথরঘাটায় সরকারি কলেজ নেই

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৬
বাংলাদেশের সর্বদক্ষিণে বরগুনা জেলার সিডর বিধ্বস্ত দুর্গম পাথরঘাটা উপজেলায় কোনো সরকারি কলেজ নেই। নেই সরকারি মাধ্যমিক স্কুলও। ফলে উপজেলা প্রশাসনের প্রথম শ্রেণীর কর্মকর্তারা তাদের সন্তানদের মানসম্মত শিক্ষা ব্যাহত হওয়ার আশঙ্কায় এই উপজেলায় যোগদানের পরই বদলি হওয়ার তদবির করেন। এতে প্রশাসনিক কাজের গতিশীলতা ব্যাহত হয়। সরকার আসে সরকার যায়। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে অনগ্রসর পশ্চাদপদ এ জনপদের শিক্ষার কাঙ্ক্ষিত মান উন্নয়নে অতীতে তেমন কোন কার্যকরী উদ্যোগ পরিলক্ষিত হয়নি। এলাকার শিক্ষানুরাগীদের দাবি, এ উপজেলার অন্তত একটি কলেজ ও মাধ্যমিক স্কুল সরকারি করা হোক। বাংলাদেশের সর্বদক্ষিণে জেলা সদরের মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন প্রমত্তা বিষখালী-বলেশ্বরবেষ্টিত বঙ্গোপসাগর ও সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত দুর্গম পাথরঘাটা উপজেলা। দু’লক্ষাধিক লোকের বসবাস। এখানে রয়েছে ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা, পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় নয়নাভিরাম হরিণঘাটার লালদিয়া সীবিচ ও শিপব্রেকিং ইয়ার্ডের জরিপ নির্ধারিত স্থান গাববাড়ীয়া। এছাড়া রয়েছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহত্ সরকার নিয়ন্ত্রিত বিএফডিসি পাইকারী মত্স্য বাজার। এ জনপদের অধিবাসীদের প্রধান পেশা সাগরে মত্স্য শিকার। পাথরঘাটা ডিগ্রি কলেজটি ১২ একর জমিতে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ১৯৮৫ সালে তত্কালীন উপজেলা চেয়ারম্যান মল্লিক মোহাম্মদ আইউব কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজে বর্তমানে প্রায় ১ হাজার ২শ’ ছাত্র-ছাত্রী, ৩৬ জন শিক্ষক ও ১৩ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। কলেজটিতে দু’টি বিষয়ে অনার্স কোর্স চালুর বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াধীন। বরিশাল শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর ইতিমধ্যে দু’বার এইচএসসির ফলাফলে সেরা দশের তালিকায় স্থান করে নিয়েছে। সর্বশেষ ডিগ্রি পরীক্ষার পাসের হার শতকরা ৮৫ এর উপরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালের নির্বাচনপূর্ব এই কলেজ মাঠে এক জনসভায় কলেজটির উন্নয়নে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমান সরকার প্রণীত জাতীয় শিক্ষানীতি ও সমপ্রতি প্রণীত খসড়া শিক্ষা আইনেও প্রতিটি উপজেলায় একটি সরকারি কলেজের অবস্থান নিশ্চিত করা বা জাতীয়করণের কথা বলা হয়েছে। এছাড়া যেসব সংসদীয় আসনে কোন সরকারি কলেজ নেই সেখানে একটি কলেজ ও একটি মাধ্যমিক স্কুল জাতীয়করণের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সবুর টুলু তার সংসদীয় আসন থেকে পাথরঘাটা ডিগ্রি কলেজের নাম ১ নম্বর ক্রমে জাতীয়করণের প্রস্তাব করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়েছেন মর্মে পাথরঘাটা কলেজ সূত্রে জানা গেছে।