রাবির কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতা প্রহূত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আরিফ পারভেজকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আবাসিক হলে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এমবিএর শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতির দায়িত্ব পালন করছেন। ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তির দাবিতে সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে হল প্রাধ্যক্ষ, প্রক্টরের সাথে দেখা করে দ্রুত এ বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জানা যায়, সোমবার রাত দেড়টার দিকে ওই হলের টেলিভিশন কক্ষে সাংস্কৃতিক কর্মী আরিফ খবর দেখছিলেন। সেখানে ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক নাসিম আহম্মেদ সেতু, কর্মী আসিফ, শাওনসহ ৫/৬ জন ছাত্রলীগ কর্মী আরিফের কাছে পরিচয় জানতে চায়। তারপর সে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতির পরিচয় দেয়। পরে আরিফ ছাত্রলীগ নেতাকর্মীদের পরিচয় জানতে চাইলে তারা অশালীন ভাষায় গালি-গালজ করে তাকে বেধড়ক পিটাতে থাকে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে অনুশীলন নাট্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট নাট্যকার মলয় কুমার ভৌমিক। হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. এস এ হায়দার জানান, বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আরিফের উপর হামলার ঘটনায় ছাত্র ইউনিয়নের সভাপতি শিপন আহমেদ ও সাধারণ সম্পাদক শিপলু আহমেদ এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।