মতলবে শিক্ষা বোর্ডের নির্দেশ উপেক্ষিত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিক্ষা বোর্ডের নির্দেশ উপেক্ষা করে অধিকহারে পরীক্ষা ফি আদায় করেছে স্থানীয় শিক্ষক সমিতি। আগামী এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে কুমিল্লা শিক্ষা বোর্ড সাধারণ ও বাণিজ্য বিভাগের জন্য ৯০০-১০০০ টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য ১০০০-১১০০ টাকা ফি নির্ধারণ করে। কিন্তু স্থানীয় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি বোর্ডের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে নিজেরা বোর্ড নির্ধারিত টাকার ৩ গুণ হারে ফি নির্ধারণ করে উপজেলার ৩৭টি স্কুলে তা কার্যকর করেছে। তাছাড়া পরীক্ষার্থীরা টেস্ট পরীক্ষার ফি’র সময় এ বছরের ডিসেম্বর পর্যন্ত বেতন পরিশোধ করে থাকলেও তাদের বেতন বাবদ অতিরিক্তহারে উত্তোলন করা হয়েছে ৬০০ টাকা এবং আগামী জানুয়ারির এক মাস কোচিং-এর জন্য ফি আদায় করা হয়েছে ৮০০ টাকা, যা শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপন্থি। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ওয়াহিদ বলেন, এসএসসি পরীক্ষার্থীর ফরম ফিলাপে শিক্ষক সমিতির সভাপতি স্বাক্ষরিত অতিরিক্তহারে টাকা উত্তোলনের ব্যাপারে কোনরকম রেজুলেশন বা চিঠি থাকলেও কেউ কোন ধরনের লিখিত অভিযোগ না করায় আমার কিছু করার নেই।