আদমদীঘিতে নিখোঁজের এগার মাস পর উদ্ধার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
বগুড়ার আদমদীঘির সান্তাহার বেকারী ফ্যাক্টরি থেকে রহস্যজনক নিখোঁজের দীর্ঘ এগার মাস পর পুলিশ গত সোমবার সন্ধ্যায় কিশোর বাদলকে আদমদীঘির মন্ডবপুর গ্রামের পিত্রালয় থেকে উদ্ধার করেছে। পরদিন মঙ্গলবার ভিকটিমের জবানবন্দী গ্রহণের জন্য বগুড়া আদালতে প্রেরণ করে। প্রকাশ, বগুড়ার আদমদীঘি উপজেলার মন্ডবপুর গ্রামের মত্স্য ব্যবসায়ী সখের আলীর পুত্র বাদল (১৪) সান্তাহার স্বপ্না বেকারীতে শ্রমিকের কাজ করতো। গত ১২ জানুয়ারি সন্ধ্যায় কাজ শেষে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। তাকে বহু খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পাওয়ায় গত ২৬ ফেব্রুয়ারি বাদলের পিতা বাদী হয়ে সহকর্মী আনিছুর রহমান, এমরান আলী, আব্দুস ছাত্তার, ফুলকি বেগম ও চকদড়িয়া গ্রামের মধুকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করলে আদালত ভিকটিম উদ্ধারসহ আসামি গ্রেফতারের নির্দেশ দেন। পুলিশ গত ১৪ মার্চ এজাহারভুক্ত আসামি আনিছুর রহমানকে গ্রেফতার করে। এদিকে গত সোমবার ভোরে বাদল বাড়িতে ফিরে আসলেও খবরটি গোপন রাখা হয়। এরপর গোপন সংবাদের ভিক্তিতে এস আই আব্দুল আজিজ সন্ধ্যায় পিত্রালয় থেকে বাদলকে উদ্ধার করে।