ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকায় আ’লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিনজন করে ৯নেতা মাঠে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তবে কারা দলীয় মনোনয়নে প্রার্থী হচ্ছেন এ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এ আসনে নির্বাচন করবেন বলে নিশ্চিত করলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবরু মিয়া তালুকদার। কিন্তু উপজেলা আ’লীগের বর্তমান আহবায়ক ডাঃ হারিছ আলী ভিন্নমত প্রকাশ করে বলেন, এখানে নির্বাচন করবেন ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এদিকে প্রবাসী আ’লীগ নেতা, ইংলিশ ব্রিজ একাডেমির চেয়ারম্যান আইয়ুব করম আলীও আ’লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি নির্বাচনী এলাকা ঘুরে বেড়াচ্ছেন দীর্ঘদিন ধরে।
এদিকে বিএনপির একক প্রার্থী হিসেবে সাবেক এমপি কলিমউদ্দিন আহমদ মিলন ছাতক-দোয়ারার বিভিন্ন ইউনিয়নে গ্রাম মার্চ কর্মসূচি অব্যাহত রেখেছেন। উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোশতাক আহমদ জানান, দলের পরীক্ষিত এ নেতা দলীয় মনোনয়ন নিয়েই প্রার্থী হবেন। তবে সহ-সভাপতি ফারুক আহমদ জানান, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী দলীয় মনোনয়ন নিয়ে এ আসন থেকে নির্বাচন করবেন। বিএনপির দু’গ্রুপের টানা-টানির মধ্যে ভাগ বসিয়েছেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী। তিনি পৌর বিএনপি’র একাংশের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে মাঠে নেমেছেন।
মহাজোট ছাড়া একক নির্বাচন হলে জাতীয় পার্টির জেলা সেক্রেটারী আনম ওহিদ কনা মিয়া, উপজেলা সেক্রেটারী এড. আবুল হাসান ও প্রবাসী নেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম এ আসন থেকে নির্বাচন করতে পারেন। ৩ নেতাই দলের চেয়ারম্যানের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
