শিবিরকর্মী বিপ্লবের মৃত্যুর ঘটনায় দিনাজপুরে আজ জামায়াতের হরতাল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২২:৩১
পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবির কর্মী মোজাহিদুল ইসলাম বিপ্লবের নিহত হওয়ার ঘটনায় জামায়াতে ইসলামী আজ বুধবার দিনাজপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। গতকাল মঙ্গলবার রাতে এ হরতাল আহবান করা হয়। দিনাজপুর সদর সার্কেল এএসপি সাহাবউদ্দীন জানান, গত সোমবার রাতে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টি ও রাস্তা আটকে যানবাহন ভাংচুরের সময় পুলিশের গুলিতে আহত মোজাহিদুল ইসলাম রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। বিপ্লবের লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে গতকাল মঙ্গলবার রাতে দাফন করা হয়। বিপ্লব খানসামা উপজেলা জামায়াতের আমীর আতাউর রহমানের ছেলে। পুলিশ জানায়, বিপ্লবের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। এদিকে গত সোমবারের জামায়াত-শিবিরের অরাজকতা ও ভাংচুরের ঘটনা ঠেকাতে চিরিরবন্দর পুলিশ ২৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় ৭৩ রাউন্ড রাবার বুলেট ও ২১ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চার ঘন্টাব্যাপী সংঘর্ষে রংপুর-দিনাজপুর মহাসড়কে সকল যান চলাচল বন্ধ ছিল। তবে এ সময় জামায়াত-শিবিরের ক্যাডারদের হাতে প্রায় অর্ধশতাধিক গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। জামায়াত-শিবিরের হামলায় চিরিরবন্দর থানার ওসি তারিকুল ইসলামসহ ৩০ জন পুলিশ সদস্য আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত কনস্টেবল নজরুল ইসলামকে গত সোমবার রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশংকাজনক। ওসি তারিকুল জানায়, জামায়াত-শিবিরের ক্যাডারদের আসামি করে চিরিরবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার রাতে রানীরবন্দর থেকে আট জামায়াত-শিবির ক্যাডারকে গ্রেফতার করা হয়।