দ্বৈতনীতি পরিহার করে জামায়াতের সঙ্গ ছাড়ুন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২২:৩২
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বিএনপির নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আজকের (মঙ্গলবার) হরতাল শুধু জামায়াতের নয়, বিএনপিরও। যুদ্ধাপরাধের বিচার বানচালের জন্যই জামায়াত ও বিএনপি যৌথভাবে হরতাল ডেকেছে। আপনারা মুখে নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলেন। গোপনে আবার যুদ্ধাপরাধীদের পক্ষও নেবেন— এই দ্বৈতনীতি পরিহার করে জামায়াতের সঙ্গ ছেড়ে যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের পাশে এসে দাঁড়ান।’ গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৭৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘বিজয়ের মাসের আজকের হরতালের এ দিনটি কলঙ্কময় হিসেবে চিহ্নিত থাকবে।’ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি জামায়াত ছাড়া চিন্তা করতে পারে না। জামায়াতের আন্দোলনে মূল নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া।’ আলোচনা সভায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ প্রমুখ বক্তব্য দেন।