নুসরাতের ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ০০:২২

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃতদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে জমা দিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগ। গতকাল শনিবার সন্ধ্যায় শাহবাগ থানা পুলিশের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, সন্ধ্যায় ময়নাতদন্তের প্রতিবেদন পেয়েছি।  আগামীকাল (আজ রবিবার) ফেনীর সোনাগাজী থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। আলোচিত এ হত্যা মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম।

ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, নুসরাতের মরদেহের ময়না তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি আমাদের কাছে আসার পর তা শাহবাগ থানায় জমা দিয়েছি। আগুনে পোড়ার কারণেই নুসরাতের মৃত্যু হয়েছে।

কারা কর্তৃপক্ষের গাফিলতিতে ব্যবস্থা

ফেনী কারাগার থেকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা নুসরাতকে হত্যার নির্দেশ দেওয়াসহ অন্য ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) একেএম মোস্তফা কামাল পাশা। গতকাল শনিবার দুপুরে কারা অধিদপ্তরে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কারাগারে কর্মরত কেউ দুর্নীতি ও মাদকে জড়ালে তাদের কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেন আইজি প্রিজন্স।

গত ৬ এপ্রিল নুসরাত পরীক্ষা দিতে গেলে তাকে ছাদে ডেকে নিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এঘটনায় ১০ এপ্রিল হাসপাতালে তার মৃত্যু হয়। ১১ এপ্রিল ঢামেক হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত হয়।