ট্রান্সফরমার চলচ্চিত্রের ভক্তদের অভাব নেই দুনিয়াজুড়ে। চমত্কার সব আকৃতির গাড়িগুলো কেমন নিমেষেই পরিণত হয়ে যাচ্ছে রোবটে! অভাবনীয় এই রোবটগুলোর কারণেই ট্রান্সফরমার সিরিজের ভক্ত তৈরি হয়েছে বিশ্বব্যাপী। অপটিমাস প্রাইম, ডিসেপটিকন, বাম্বলবিসহ আরও সব রোবট নিয়ে ট্রান্সফরমার সিরিজের সবগুলো চলচ্চিত্রই তাই বক্স অফিসে হিট। বিজ্ঞানীরাও ট্রান্সফরমারের এসব রোবট দেখে বসে ছিলেন না। তাদের মনেও বরাবরই ইচ্ছা ছিল ঠিক এই ধরনের রোবট তৈরি করা বাস্তবে। অব্যাহত গবেষণার ফলাফল হিসেবেই এবারে ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর একদল গবেষক তৈরি করেছেন এমন ধরনের রোবট, যেগুলো রূপ বদলে নিতে পারে। ট্রান্সফরমার ছবির রোবটগুলোর মতো গাড়ি না হয়ে উঠলেও এগুলো নানা ধরনের জটিল রূপে পরিবর্তিত হতে পারে। চুম্বক ব্যবহার করে রূপান্তরিত হতে সক্ষম এই রোবটগুলোকে প্রয়োজনমতো আকৃতি দিয়ে নানা কাজে ব্যবহার করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা। যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সির (ডারপা) আংশিক সহায়তায় তৈরি এই রোবটগুলো সম্প্রতি ইন্টেলিজেন্ট রোবট অ্যান্ড সিস্টেম কনফারেন্স ২০১২-তে প্রদর্শন করা হয়েছে। এই গবেষণার সাথে সংশ্লিষ্ট একজন গবেষক এমআইটি’র সেন্টার ফর বিটস অ্যান্ড অ্যাটম’র প্রধান নেইল জার্শেনফেল্ড এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘এগুলো মূলত একমাত্রিক রোবট যা দিয়ে অবিচ্ছিন্ন স্ট্রিপ তৈরি করা যাবে এর কোনো অংশকে প্রচলিত নিয়মে না সরিয়েই। পরবর্তীতে এগুলোকে যেকোনো আকৃতিতে রূপান্তর করা যাবে।’ স্ক্র্যাপইয়ার্ডে যে তড়িেচৗম্বকীয় ক্ষেত্র ব্যবহার করা হয়, ঠিক তার মতোই এখানে ব্যবহার করা হয় ইলেকট্রো-পারমানেন্ট মোটর। এসব রোবটে রয়েছে একটি শক্তিশালী স্থায়ী চুম্বক আর এর সাথে থাকে একটি দুর্বল চুম্বক। এই দুর্বল চুম্বকে যে চৌম্বক ক্ষেত্র রয়েছে, যেটি এতে তড়িত্ প্রবাহের সাথে সাথে দিক পরিবর্তন করে। উভয় চুম্বকের চৌম্বক ক্ষেত্র একটি আরেকটির সাথে ক্রিয়া করে চৌম্বক ক্ষেত্রের শক্তি বাড়িয়ে দেয়, অথবা কমিয়ে দেয়। এর ফলেই নড়াচড়া করতে সক্ষম হয় রোবটগুলো। প্রায় এক বছর আগে তাত্ত্বিকভাবে এই রোবট তৈরির ঘোষণা দেয় এই গবেষকদল। এরপর থেকেই তারা এটি নিয়ে গবেষণা চালিয়ে আসছে। শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টা সাফল্যে পরিণত হয়েছে।
