আউটসোর্সিংয়ে বাংলাদেশ অনেকদিন থেকেই শক্ত অবস্থান গ্রহণ করে রেখেছে। এর ফলে আউটসোর্সিংয়ের বেশকিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্মও কাজ শুরু করেছে ঢাকায়। সেই ধারাবাহিকতাতেই এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করল ইল্যান্স। বাংলাদেশি দক্ষ প্রফেশনালদের অনলাইনে উপার্জনের সুযোগ বৃদ্ধি এবং তাদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যেই অনলাইন ফ্রিল্যান্সে বিশ্ববাজারে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান ইল্যান্স ঢাকায় তাদের কার্যক্রম শুরু করেছে। ইল্যান্সের ইউরোপ শাখার ভাইস প্রেসিডেন্ট জেতিল জে. ওলসেন বাংলাদেশে এর যাত্রা শুরুর অনুষ্ঠানে বলেন, ‘বাংলাদেশের মেধাবী ফ্রিল্যান্সাররা দক্ষতা এবং সৃজনশীলতার ক্ষেত্রে পৃথিবীর শ্রেষ্ঠ ফ্রিল্যান্সারদের কাতারে পড়েন। আমাদের এই উদ্যোগ এ দেশিয় ফ্রিল্যান্সারদের অনলাইন চাকরির বাজারে নিজস্ব শক্তিশালী অবস্থান গড়তে এবং ইল্যান্সকে প্রতিনিয়ত নতুন নতুন ক্লায়েন্টের কাছে পৌঁছাতে সাহায্য করবে বলে আশা করছি।’ বাংলাদেশে ইল্যান্সের যাত্রা গতিময় করতে ইল্যান্স সম্প্রতি তাদের বাংলাদেশভিত্তিক কান্ট্রি ম্যানেজার হিসেবে সাইদুর মামুন খানকে নিয়োগ দিয়েছে। পাশাপাশি ইল্যান্সের পক্ষ থেকে ফ্রিল্যান্স ট্রেনিং সেশন, কর্মশালা প্রভৃতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যেই বাংলাদেশ থেকে ২৮ হাজারেরও বেশি নিবন্ধিত ফ্রিল্যান্সার রয়েছে ইল্যান্সে।
