প্যারি সেন জার্মেই ও শালকে জিরো ফোর মঙ্গলবার রাতের খেলায় জিতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করে প্রতিযোগিতার নকআউট পর্বে উঠেছে। অপরদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপের ক্লাব পর্যায়ের শীর্ষ এই টুর্নামেন্টের চলতি পর্বে ষষ্ঠবারের মতো লক্ষ্যভেদ করে গোলদাতাদের তালিকায় সবার উপরে ঠাঁই করে নিয়েছেন। মাদ্রিদের গোলদাতাদের মধ্যে আছেন ব্রাজিলীয় কাকা। যদিও তাদের গ্রুপে শীর্ষস্থান পেয়েছেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড যাদের কাছে হেরে বিদায় নিয়েছে ইংলিশ প্রিমিয়ার চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটি। মঙ্গলবার রাতের খেলাগুলো শুরু হওয়ার আগেই অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছিল শেষ ষোলর দলগুলো হবে কারা। ২০ ডিসেম্বর নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হবে।
পেট্রো ডলারে বলীয়ান হয়েও বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ১-০ গোলে হেরে ম্যানচেষ্টার সিটিকে চলতি মৌসুমে জয়হীন থেকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হলো। এ জয়ের পর জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড অবশ্য ডি গ্রুপের শীর্ষ দল হিসেবেই নকআউট পর্বে পৌঁছালো। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে একই যোগ্যতা দেখালো রিয়াল মাদ্রিদ যারা অ্যাজাক্সের মাঠে ৪-১ গোলে জয়ী হয়। এতে জোড়া গোল করেন ক্যালেজন।
আগেই নকআউটে নাম লেখা অপর ইংলিশ দল আর্সেনালকে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ খেলায় অলিম্পিয়াকোসের মাঠে ২-১ গোলে হারতে হয়। নকআউট পর্ব নিশ্চিত থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১৫০তম ম্যাচটি দুর্ভাবনায় ফেলে কোচ আর্সেন ওয়েঙ্গারকে। কেননা এবারের প্রতিযোগিতায় নয় খেলায় তিনি কেবল দুটিতে জিততে পেরেছেন। এখন নকআউট পর্বে ভাল করতে হলে ফরাসি কোচকে দলের খেলায় উন্নতি ঘটাতে হবে। নইলে ইউরোপের শীর্ষ দলগুলোর সাথে লড়াইয়ে কুলিয়ে ওঠা কঠিন হবে।
আর্সেনাল বি গ্রুপে দ্বিতীয় স্থান পেয়েছে। শীর্ষস্থান দখল করেছে জার্মান দল শালকে জিরো ফোর যারা এই রাতে মন্টপেলিয়েরের সাথে ১-১ গোলে ড্র করে। প্যারি সেন জার্মেই এ গ্রুপে এফসি পোর্তোকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিশ্চিত করে। স্পেনের মালাগা অবশ্য অ্যান্ডারলেখটের সাথে ২-২ গোলে ড্র করার আগেই সি গ্রুপে সবার উপরে থাকা নিশ্চিত করে। অপরদিকে এই গ্রুপে দ্বিতীয় স্থান পাওয়া এসি মিলান নিজেদের মাঠে জেনিট সেন্ট পিটার্সবার্গের কাছে ১-০ গোলে পরাস্ত হয়।
ডর্টমুন্ড মৃত্যু উপত্যকা হিসেবে পরিগণিত ডি গ্রুপের খেলায় রিয়াল মাদ্রিদকে পিছনে ফেলে ছয় ম্যাচে চার জয় ও দুই ড্র মিলিয়ে ১৪ পয়েন্ট পায়। ৫৭ মিনিটে জুলিয়ান শেইবারের একমাত্র গোলে জয়ী হয় ডর্টমুন্ড। জার্মান দলটি এই রাতে পূর্ণ সামর্থ্য নিয়ে মাঠে নামেনি। তারপরও ইংলিশ চ্যাম্পিয়নদের জন্য ডর্টমুন্ডকে মনে হয়েছে অনেক শক্তিশালী।
ম্যান সিটি কোচ রবার্তো মানচিনি অবশ্য দলের বিদায়ে হতাশা প্রকাশ করেছেন।
নিজেদের অন্তিম খেলাটিতে এই পরাজয়ের ফলে গ্রুপের সর্বনিম্ন দল হিসেবেই চ্যাম্পিয়ন্স লিগ শেষ করতে হলো সিটিকে। চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম কোন ইংলিশ দল জয়হীন থেকে বিদায় নিল। ছয় খেলায় কেবল তিন ড্রয়ে সিটি পায় মাত্র তিন পয়েন্ট। মানচিনির অধীনে ম্যানচেষ্টার সিটি এফ এ কাপের আগের দুটি আসরের শিরোপা এবং সর্বশেষ প্রিমিয়ার লিগ জয় করে।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে একটু আগেভাগেই বিদায় নিতে বাধ্য হওয়ার কারণে দারুণ হতাশ এই ইতালীয় কোচ বলেন, ‘‘ইউরোপা লিগে খেলার জন্য একটি জয় ছিল আজকের রাতে (মঙ্গলবার) আমাদের মূল লক্ষ্য। আমরা জিততে চেয়েছিলাম। কিন্তু জেতার জন্য স্কোরের প্রয়োজন ছিল। আমরা এখন আর ইউরোপা লিগেও নেই, তাই বেশ হতাশ। আমাদের গ্রুপটাও বেশ কঠিন ছিল। কিন্তু আগের ম্যাচগুলোতে আমরা যে ভুল করেছিলাম তার থেকে আর বেরিয়ে আসতে পারিনি।” এ খেলায় সিটির সেরা খেলোয়াড় ছিলেন অভিজ্ঞ গোলরক্ষক জো হার্ট। তার মতে, এটা তার দলের পুরনো চেহারা এবং এর থেকে বেরিয়ে আসার কোন সমাধান তার জানা নেই। বেশ কয়েকটি অসাধারণ গোল রক্ষা করে তিনি এই রাতে ডর্টমুন্ডকে হতাশ করার পাশাপাশি ম্যান সিটিকেও বড় পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন। তিনি বলেন, আজকের ম্যাচে আমাদের জেতার ক্ষুধা ছিল। কিন্তু আমাদের চাইতে দুর্বল দলের বিপক্ষেও আমরা জিততে পারিনি। ইউরোপীয়ান মৌসুম শেষ হয়ে যাওয়ায় সিটি এখন পুরোপুরিভাবে তাদের ইংলিশ লিগের শিরোপা ধরে রাখার উপর গুরুত্ব দিবে। আগামী রবিবার তাদের ম্যানচেষ্টার ডার্বিতে অংশ নিতে হবে।
ইংলিশ প্রিমিয়ার লিগের এ খেলাটিতে নামার আগে আবার নগর প্রতিদ্বন্দ্বী ও লিগের শীর্ষ দল ইউনাইটেডের চাইতে তিন পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিটি। ম্যানচেষ্টার ইউনাইটেডের বিপক্ষে খেলাটির প্রাক্কালে মানচিনি বলেন, আমরা যেহেতু এখন আর ইউরোপীয় পর্যায়ে নেই তাই এটা ইংলিশ প্রিমিয়ার লিগে কাজে আসবে। এই মুহূর্তে আমরা এ বিষয় নিয়ে ভাবতে চাই না। রবিবারের ম্যাচটি সম্পূর্ণ ভিন্ন, এটা সত্যিই কঠিন ম্যাচ। কিন্তু আমরা দ্রুত সব কিছু কাটিয়ে উঠতে পারব বলে বিশ্বাস করি।
