আগামী বছরের প্রথমদিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন নিউজিল্যান্ড স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। শ্রীলংকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সৃষ্ট ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি।
এর আগে কুঁচকির আঘাতের কারণে শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের শেষ পাঁচটি ম্যাচ খেলতে পারেননি ৩৩ বছর বয়সী ভেট্টরি। ঘরোয়া ক্রিকেট প¬াংকেট শিল্ডে খেলার জন্য পুরো ফিটনেস ফিরে পাবেন বলে আশা করেছিলেন তিনি। কিন্তু সেখানেও খেলতে পারেননি বাঁহাতি স্পিনার।
ভেট্টরির অনুপস্থিতিতে স্লো বোলার জিতেন প্যাটেলকেই হয়তোবা স্পিন বোলিংয়ের দায়িত্ব নিতে হবে। সঙ্গে থাকবেন অপর স্পিনার টড অ্যাস্টল।
শ্রীলংকার বিরুদ্ধে কলম্বো টেস্টে অভিষেক হওয়া অ্যাস্টলকে হয়তোবা বিকল্প হিসাবে বিবেচনা করা হবে।
দক্ষিণ আফ্রিকা সফরে নিউজিল্যান্ড দু’টি টেস্ট খেলবে। কেপটাউনে ২২ জানুয়ারি প্রথম টেস্ট এবং ১১ জানুয়ারি পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্ট শুরু হবে।-বাসস/এএফপি
