ঈশ্বরগঞ্জে জাপার অফিসে ভাঙচুর, আটক ৯

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৭:৪৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার পর শহরের বিভিন্ন পয়েন্টে ১৫ টি ককটেল বিস্ফোরিত হয়। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

জাতীয় পার্টির স্থানীয় নেতাদের অভিযোগ, রাত সাড়ে ৮টার দিকে সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তারের সমর্থকরা পৌর সদরের অবস্থিত জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় কার্যালয়ের সামনে থাকা দু’টি মোটরসাইেকল ও পাশের বাসার আরেকটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে জাপা সংসদ সদস্য ফখরুল ইমামের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মুক্তিযোদ্ধা মোড় এলাকায় পৌঁছলে আরও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন: দণ্ড স্থগিতের বিধান নেই: হাইকোর্ট

এর আগে, রবিবার বেলা ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চৌরাস্তা মোড়ে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’র ব্যানারে কাফনের কাপড় পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রাস্তা অবরোধ করে আব্দুস সাত্তারের সমর্থকরা। পরে রাত ৮টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়ে। রাতে পৌর সদরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ইত্তেফাক/বিএএফ