‘বিজিএমইএ’র অনুমোদন ছাড়া আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই নয়’

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২০:৩৭
তৈরি পোশাক উত্পাদকদের সংগঠন বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে শ্রমিক ছাঁটাই না করতে আশুলিয়ার গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ। গতকাল বুধবার এক সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান বিজিএমইএ’র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, শ্রম আইনের বিধান মেনে যে কোন উদ্যোক্তা শ্রমিক ছাঁটাই করার অধিকার রাখেন। তারপরও শিল্পে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার স্বার্থে আশুলিয়ার শিল্প উদ্যোক্তারা বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে শ্রমিক ছাঁটাই করবেন না। সমপ্রতি আশুলিয়ার তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ওই অঞ্চলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। প্রায় প্রতিদিনই কোন না কোন ঘটনায় শ্রমিক অসন্তোষের জের ধরে কারখানায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। স্বাভাবিক কারণে শ্রমিক ছাঁটাইয়ের জের ধরেও শ্রমিকরা কারখানায় হামলা ও ভাংচুর চালাচ্ছে। এর ফলে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় বিজিএমইএ এ সিদ্ধান্ত নিয়েছে। তাজরীনের ঘটনায় বিজিএমইএ’র তদন্ত প্রতিবেদন আগামী ২০ তারিখের মধ্যে প্রকাশ করা হবে বলে জানানো হয়। গতকাল তাজরীন গার্মেন্টস -এর শ্রমিকদের বেতনসহ অন্যান্য পাওনাদি পরিশোধ করা হয়েছে। বিজিএমইএ মোট ৯৯০ জন শ্রমিকের তালিকা করলেও পরবর্তীতে এই সংখ্যা আরো কিছুটা বেড়েছে বলে জানানো হয়। গতকাল বিজিএমইএ, স্থানীয় সংসদ সদস্য ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়। সিদ্দিকুর রহমান জানান, পরিচয় শনাক্ত না হওয়া ৫৩ শ্রমিকের আত্মীয়-স্বজনের সাথে তাদের ডিএনএ মিলিয়ে দেখা হবে। এ জন্য তাদের আত্মীয়-স্বজনদের বিজিএমইএ বা তাজরীন গার্মেন্টস কারখানায় স্থাপিত বিজিএমইএ’র তথ্য কেন্দে যোগাযোগ করতে বলা হয়েছে।