রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কাভার্ড ভ্যানচাপায় দুই পথচারী নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতরা হলেন কামাল হোসেন (৪০) ও সামিয়া খাতুন (১৬)। কামাল যাত্রাবাড়ীর কদমতলী দারোগাবাড়ি রোড এলাকার বাসিন্দা। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধলপুরে এ ঘটনা ঘটে। আহতের নাম জানা যায়নি।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম জানান, সন্ধ্যায় কয়েকজন পথচারী ধলপুরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী কামালের মৃত্যু হয়। পরে আহত দুই জনকে উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক সামিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে।
