রাঙ্গামাটির নানিয়ারচরে বিনামূল্যে চক্ষু শিবির ও চিকিত্সা সেবা এবং শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর নানিয়ারচর জোন।
চট্টগ্রাম লায়ন্স ক্লাব ও চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সহায়তায় নানিয়ারচর জোনের উদ্যোগে সোমবার থেকে গতকাল বুধবার পর্যন্ত জোন মাঠে চিকিত্সা সেবা দেয়া হয়। এই কর্মসূচীতে চোখ, নাক, কান,গলার চিকিত্সা ছাড়াও গাইনী চিকিত্সা দিয়েছে ৭৭ জন বিশেষজ্ঞ চিকিত্সক। এছাড়াও ক্যাম্পে হেপাটাইটিস, রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে।
মঙ্গলবার সকালে কর্মসূচীর উদ্বোধন করেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সরওয়ার হোসেন। এসময় নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল খালেদ কামাল পিএসসি, উপজেলা চেয়ারম্যান প্রীতিময় চাকমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহাবুবুর রহমান, চট্টগ্রাম লায়ন্স ক্লাবের কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। রিজিয়ন কমান্ডার বলেন, রাঙ্গামাটির দরিদ্র অসহায় মানুষদের দুঃসময়ে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
পরে তিনি দেড় হাজার পাহাড়ী ও বাঙ্গালীর মাঝে ৩ হাজার শীতবস্ত্র বিতরণ করেন। তিনদিনে নানিয়ারচরের ৬টি ইউনিয়নের দেড় হাজার মানুষ চিকিত্সা সেবা গ্রহণ করেছেন।
