ময়মসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের শালীহর গ্রামের ৮২ বছর বয়সী ভিক্ষুক মো. সাহেদ আলী পাননি বয়স্ক ভাতা বা কোনো সরকারি সুবিধা। পেশায় এখন ভিক্ষুক। তার প্রশ্ন “স্যার এই দেশে আমার বয়স আর কত অইলে বয়স্ক ভাতার কার্ড পামু”। উপজেলার পূর্ব শালীহর গ্রামের মৃত শেখ আব্দুলের পুত্র দুই সন্তানের জনক মো. সাহেদ আলী যৌবনে ছিলেন সাহসী টগবগে যুবক। বয়সের ভারে ন্যূব্জ হয়ে আজ জীবন-জীবিকার টানে ভিক্ষা করতে হয়। নিজ বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ফটকের পাশেই ভিক্ষা করতে বসেন। ভিক্ষুক সাহেদ আলী জানান, তার চোখের দৃষ্টি নেই বললেই চলে। প্রায় ৫ বছর আগে একই গ্রামের হিতৈষী ব্যক্তি মো. সালাউদ্দিন বাচ্চুর সহযোগিতায় তার চোখ দু’টি পরোপুরি অন্ধত্ব থেকে বেঁচে যায়।
