ধামইরহাট হাসপাতালে ডাক্তার সংকট

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
নওগাঁ জেলা সদর থেকে ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত ধামইরহাট উপজেলাবাসী আধুনিক চিকিত্সা ব্যবস্থা থেকে অনেকটাই বঞ্চিত। উপজেলার একমাত্র সরকারি হাসপাতালটির দু’টি এম্বুলেন্সের মধ্যে একটি দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে আছে। এদিকে তিন লাখ মানুষের চিকিত্সার জন্য ২৮টি পদের বিপরীতে মাত্র ২ জন ডাক্তার দিয়ে কোনমতে চলছে চিকিত্সা সেবা। এছাড়া রোগীদের বেড, ল্যাট্রিন ও প্রস্রাবখানা দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনায় ভরা। ৩১ শয্যার হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ভবনগুলো শুধু দাঁড়িয়ে আছে। দেয়া হয়নি এখনও জনবল। এছাড়া ই,সি,জি, আলট্রাসনো মেশিন নেই, ৫০ মিলি অ্যাম্পিয়ার (এম,এ) ক্ষমতা সম্পূর্ণ এক্স-রেটি কিছুদিন আগে মেরামত করলেও ফিল্মের অভাব থাকে মাঝে মাঝেই। ফলে প্রতিদিন প্রত্যন্ত এলাকা থেকে চিকিত্সা নিতে এসে দুর্ভোগের শিকার হচ্ছেন শত শত নিরীহ জনসাধারণ। অকেজো হয়ে থাকা সরকারি এ্যাম্বুলেন্সটি খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে। এদিকে প্যাথলজি বিভাগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকলেও ডাক্তাররা নিজেদের কমিশনের প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করার জন্য রোগীদের পাঠিয়ে দেন বলে জানা গেছে। এদিকে ধামইরহাট উপজেলা মহিলা রোগী ও গর্ভবতী মায়েদের ডেলিভারির জন্য গাইনী বিশেষজ্ঞ না থাকায় সেবিকাদের উপরই পুরোপুরি নির্ভর করতে হয়। এ ব্যাপারে স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন জানান, ডাক্তার কম থাকার কথা উপরে বার বার লিখিতভাবে জানানো হয়েছে। কয়েকদিন আগে ২জন ডাক্তার যোগদান করে ছুটি নিয়েছেন।