আজ সেনবাগ আওয়ামী লীগের সম্মেলন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৫০
অবশেষে নানা নাটকীয়তার পর আজ বৃহস্পতিবার নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হচ্ছে। দীর্ঘ ৭বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মাঝে চলছে উত্সবের আমেজ। আর এ সম্মেলনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে চলছে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক গ্রুপিং ও লবিং। দলীয় সূত্র জানায়, ২০০৫ সালে সর্বশেষ সেনবাগ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐ সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আলহাজ্ব জাফর আহম্মেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আবু জাফর টিপু নির্বাচিত হন। সূত্র জানায়, বিতর্ক এড়াতে পূর্বের ন্যায় এবার কাউন্সিলরদের গোপন ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতৃত্ব নির্বাচন করা হবে। এর জন্য ইতিমধ্যে সেনবাগ পৌরসভা ও উপজেলার অপর ৯টি ইউনিয়নের পৃথকভাবে সম্মেলন শেষে প্রতিটি থেকে ২১ জন করে এবং উপজেলা পর্যায়ে বিশেষ কাউন্সিলর ২১ জনসহ মোট ২৩১ জনকে নির্বাচন করা হয়। এ ২৩১ জন কাউন্সিলর আগামী দিনের জন্য উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচন করবেন। তবে কাউন্সিলর নির্বাচনে সিনিয়র অনেক নেতাকে বাদ দেয়ার অভিযোগ রয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে এখন পর্যন্ত দলটির সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন পদ প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। সভাপতি হতে চাইছেন বর্তমান কমিটির সভাপতি আলহাজ্ব জাফর আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. খোন্দকার আজহারুল হক, সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সহ-সভাপতি আলহাজ্ব এম দলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য শওকত হোসেন কানন, বর্তমান কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট মাহমুদুল হক লেবু। সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর টিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কবির, উপজেলা যুবলীগের সদ্যবিদায়ী আহবায়ক আলী আক্কাছ রতন, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খোকন, সেনবাগ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আলমগীর আলো প্রার্থী। সেনবাগ উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি। বিশেষ অতিথি থাকবেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি একরামূল করিম চৌধুরী।