দীর্ঘদিন শিক্ষকতা করেও বেতন-ভাতা না পাওয়াতে অভাবের তাড়নায় আত্মহত্যা করলেন ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার দিলিপ কুমার নামের (৪০) এক শিক্ষক।
মহাজনের ধার-দেনা আর সংসারের অভাব-অনটন সহ্য করতে না পেরে মঙ্গলবার আত্মহত্যার পথ বেছে নেন তিনি। বাড়িতে তরল জাতীয় কীটনাশক পান করলে গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তির পর চিকিত্সাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
জানা যায়, পীরগঞ্জ উপজেলার খনগাঁও গ্রামের মৃত সুরেন্দ্র নাথ রায়ের পুত্র দিলিপ কুমার রায় (৪০) একই গ্রামের খনগাঁও-বিশ্বাসপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৯৯৮ সালে চাকরিতে যোগদান করেন। অদ্যাবধি সেই প্রতিষ্ঠানটি জিওর (সরকারি বেতনভুক্ত আদেশ) আওতাভুক্ত না হওয়াতে, কোন শিক্ষক বেতন-ভাতা পেতেন না।
বেতন না পাওয়াতে খুব সংকটের মধ্যে দিয়ে ২ ছেলে আর স্ত্রীকে নিয়ে দিলিপকে সংসার চালাতে হতো। বাবার সামান্য দেয়া জমির অধিকাংশই তিনি বন্ধক দিয়েছেলেন। বাধ্য হয়ে মহাজনের কাছে ধার-দেনা করে সংসার চালাতে হতো।
নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম জানান, এমপিও’র ব্যাপারে আমরা বার বার সরকারের কাছে দাবি জানিয়েছি। কিন্তু কোন লাভ হয়নি। একজন শিক্ষকের আত্মহননে আমরা গভীর শোকাহত।
