মাদারগঞ্জে শহীদ পরিবার ২৭ বছর ভাতা পাচ্ছে না

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৫২
মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর বিক্রম উপাধীপ্রাপ্ত শহীদ শাজাহানের পরিবার দীর্ঘ ২৭ বছর সরকারি ভাতা বঞ্চিত আছে। বীর বিক্রম শহীদ শাজাহানের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ান গ্রামে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। শহীদ শাজাহানের ভাই আঃ সালাম জানান, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শহীদ শাজাহানকে বীর বিক্রম খেতাবে ভূষিত করেন এবং তার পরিবারকে বঙ্গবন্ধু স্বাক্ষরিত একটি সনদ প্রদান করা হয়। কিছুদিন তারা ৪শ’ টাকা করে সরকারি ভাতা পেলেও ১৯৮৪ সালের ২৩ জুন থেকে তাদের ভাতা বন্ধ হয়ে যায়। ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসার পর বীর বিক্রমের ভাই আঃ সালামের হাতে একটি ক্রেস্ট প্রদান করা হয়। বীর বিক্রম শহীদ শাজাহান সঙ্গীয় মুক্তিযোদ্ধোরা জানান, ১৯৭১ সালে মাত্র ১৬ বছর বয়সে শাজাহান মহান মুক্তিযোদ্ধে অংশ নেন। তিনি ১১ নং সেক্টরের মহেন্দ্রগঞ্জ সাব সেক্টরের আওতায় ছিলেন। ১৯৭১ সালের অক্টোবর মাসের দিকে যে রাতে শাজাহান শহীদ হলেন সে রাতে তিনি ৭০/৮০ জনের মুক্তিবাহিনীর দল নিয়ে সীমান্ত সংলগ্ন কামালপুরে পাকিস্তানী বাহিনীর ঘাঁটি আক্রমণ করেন। এক পর্যায়ে তাদের গুলি শেষ হয়ে যায় এবং পাকিস্তানী সেনাদের গুলিতে তিনি শহীদ হন।