বিএনপি বট গাছের মতো ---- খন্দকার মোশাররফ হোসেন

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ০১:২৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি একটি বট গাছের মতো, দুই একটা পাতা ঝরলে তাতে কিছু যায় আসে না। সিদ্ধান্ত অমান্য করে দুই-একজন শপথ নিলে তাতে দলের কোনো ক্ষতি হবে না। আমাদের অতীত ইতিহাসে এরকম আছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে হুদা আর মতিন এবং প্রেসিডেন্টের কেবিনেটের ডাকসাইটের মন্ত্রীরা বিএনপিকে ভাঙার চেষ্টা করেছিল। অতএব দুই-একজন শপথ নিল কি নিল না এটা এত বড় দলের জন্য তেমন কোনো বিষয় না। আমাদের সিদ্ধান্তের বাইরে কেউ কোনো পদক্ষেপ নিলে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেবে দল। গতকাল শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী তাঁতীদলের নতুন কমিটি গঠন উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপিকে চাপে রাখার জন্যই আমাদের নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও একদিকে জামিন দিচ্ছে অন্যদিকে অন্য মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হচ্ছে।

বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে খন্দকার মোশারফ বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।