কোচিং বাণিজ্যে জড়িত ষোল শিক্ষকের ইনক্রিমেন্ট বন্ধ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের কোচিং বাণিজ্যের সাথে জড়িত ১৬ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। চিহ্নিত ওইসব শিক্ষকের বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ করা হয়েছে। সরকারি কোচিং নীতিমালা লংঘনের দায়ে চাকরিচ্যুতি, এমপিও কেড়ে নেয়া, পদাবনতি, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়া, ইনক্রিমেন্ট কেটে নেয়াসহ ৬ ধরনের শাস্তি রয়েছে। এরমধ্যে সর্বনিম্ন শাস্তি হলো ইনক্রিমেন্ট কেটে নেয়া। আইডিয়াল কর্তৃপক্ষ সেটাই করেছেন। চলতি বছরের একটি অভিযোগের ভিত্তিতে ১৬ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রণালয় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটি রাজধানীর ৩০ জন শিক্ষককে কোচিং বাণিজ্যের সাথে অভিযুক্ত বলে প্রতিবেদন তৈরি করে। এই ৩০ জন শিক্ষকের মধ্যে ১৭ জন শিক্ষকই আইডিয়াল স্কুলের। তবে এই ১৭ জন শিক্ষকের মধ্য থেকে ১ জন শিক্ষককে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ১৭ নভেম্বর আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ এক সভায় ১৬ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।