খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ

লোকসভায় ভোটাভুটিতে মনমোহন সরকারের জয়লাভ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
দিনভর চিন্তিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। চিন্তিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও ইউপিএ নেতারাও। গতকাল বুধবার খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ (এফডিআই) ইস্যুতে লোকসভায় ভোটাভুটিতে জিতে গেল মনমোহন সরকার। একইসঙ্গে বিদেশি মুদ্রা বিনিময় আইন নিয়ে যে সংশোধনী প্রস্তাব এনেছিল বিরোধী দলগুলো ভোটাভুটিতে খারিজ হয়ে গেল তাও। এফডিআই ইস্যুতে প্রদত্ত ভোটের মধ্যে ২৫৩টি পেয়েছে সরকার। বিপক্ষে পড়েছে ২১৮টি ভোট। ৫৪৫ সদস্যের লোকসভায় এফডিআই ইস্যুতে ভোটাভুটির সময় মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি) ও মুলায়েম সিং যাদবের সমাজবাদী পার্টি (এসপি) সংসদ থেকে ওয়াকআউট করে। ফলে ভোটে জিততে মনমোহন সরকারের ২৫১ ভোটের প্রয়োজন পড়ে। খবর টাইমস অব ইন্ডিয়ার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আনা বিদেশি মুদ্রা বিনিময় (ফেমা) আইন সংশোধনী প্রস্তাবের বিপক্ষে অর্থাত্ সরকারের পক্ষে ২৫৪টি ভোট পড়েছে। ২২৪টি ভোট পড়েছে সংশোধনীর পক্ষে অর্থাত্ সরকারের বিরুদ্ধে। এফডিআই ইস্যুতে ভোটাভুটির প্রস্তাবটিও আনে তৃণমূল কংগ্রেস। লোকসভায় এই জয়ের ফলে শরীকদের অসন্তোষ ও দুর্নীতির অভিযোগে জর্জরিত ইউপিএ সরকার স্বস্তি পেল। বিজেপিসহ এনডিএর শরীকরা যেমন বড় ধাক্কা খেল, তেমনি এফডিআই বিরোধী তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টিসহ বাকি শরীকরাও ধাক্কা খেল। এফডিআই সরকারের দুর্নীতিসহ নানা বিষয়ে প্রধান বিরোধী দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন অচল করে রেখেছিল। পার্লামেন্টের চলতি অধিবেশনও কয়েকদিন অচল ছিল।