মার্কিন দূতাবাসের গাড়িতে হামলাকারী পাঁচ জামায়াতকর্মী রিমাণ্ডে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:৩৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ডিসি ডিবি মনিরুল ইসলাম বলেছেন, রাজধানীর প্রগতি সরনিতে মার্কিন দূতাবাসের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতের দায় স্বীকার মামলার একটি গুরুত্বপূর্ণ এভিডেন্স। এছাড়া নগরীতে অপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তেও এটি সহায়ক হবে। মার্কিন দূতাবাসের গাড়িতে হামলার ঘটনায় মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মো. শফিকুর রহমান ওয়েবসাইটে একটি বিবৃতি দেন। নগরীতে জামায়াতের ডাকা হরতালের সময় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নগরীর বিভিন্ন থানায় ১৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় পুলিশ গ্রেফতার করে ৬৯ জন জামায়াত ও শিবিরকর্মীকে। মামলার অগ্রগতির প্রসঙ্গে গতকাল নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডিসি ডিবি এসব কথা জানান। ডিসি ডিবি মনিরুল ইসলাম আরও বলেন, জামায়াত মার্কিন দূতবাসের গাড়িতে হামলার কথা স্বীকার করেছে। এখন অন্য হামলার ঘটনাগুলো অস্বীকার করার তাদের কোন সুযোগ নেই। মার্কিন দূতাবাসের গাড়িতে হামলার ঘটনায় পুলিশ খিলক্ষেত থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছে। মামলায় গ্রেফতারকৃত শিবিরকর্মী সোলায়মান, সাইফুল আসলাম খান, জসিমউদ্দিন, খোকন শিকদার ও রবিউল ইসলামসহ ৪০/৪৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত ৫ জনকে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে।