মধুখালীর মেগচামীতে শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:৩৭
ফরিদপুরের মধুখালীতে মেগচামী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারটি রাতের আঁধারে গুঁড়িয়ে দিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বিকালে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা গেছে, ১৯৮৯ সালে এলাকার যুবকদের উদ্যোগে ও অর্থায়নে এই শহীদ মিনার নির্মাণ করা হয়। এলাকায় আর কোন শহীদ মিনার না থাকায় এখানেই প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং সাধারণ লোকজন সমবেত হয়। শুরু থেকেই শহীদ মিনার নির্মাণ নিয়ে একটি পক্ষ বিরোধিতা করে আসছিল। হঠাত্ করেই শনিবার গভীর রাতে কে বা কারা এই শহীদ মিনারটি ভেঙে গুঁড়িয়ে দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম গতকাল মধুখালী থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দিলে বিষয়টি জানাজানি হয়। অভিযোগ পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। জড়িতদের খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান। মেগচামী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হোসেন খান বলেন, বুধবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনার তিনদিন পরে অভিযোগ দেয়ার ব্যাপারে তিনি বলেন, শহীদ মিনারটি স্কুলের একপাশে থাকায় খেয়াল করতে পারিনি। মেগচামী ইউপি চেয়ারম্যান সাবির হোসেন শেখ বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের ও ম্যানেজিং কমিটির মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকায় এই ঘটনা ঘটতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম উকিল বলেন, আমি সংবাদ পেয়ে বুধবার বিকালে ঘটনাস্থলে যাই। ঘটনার সাথে সাথেই কেন অভিযোগ দেয়া হয়নি সে ব্যাপারে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করা হবে।