ঢাকা ক্লাব থেকে সেলিমের সদস্যপদ বাতিল অবৈধ :হাইকোর্ট

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:৩৯
ঢাকা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সাদাত হোসেন সেলিমের সদস্য পদ বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে ১৪ দিনের মধ্যে তার সদস্য পদ ফিরিয়ে দেয়াসহ যথাযথভাবে সদস্যদের নিবন্ধন রেকর্ড রাখতে ঢাকা ক্লাব কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া কোম্পানি আইনও যথাযথভাবে অনুসরণ করার জন্যে নির্দেশে বলা হয়েছে। বিচারপতি এ আর হাসানের একক বেঞ্চ গতকাল বুধবার উপরোক্ত নির্দেশনাসহ এ রায় দেন। চলতি বছরের ২২ জানুয়ারি ঢাকা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সেলিম ক্লাবের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরের দিনই ক্লাবের ব্যবস্থাপনা কমিটি পদত্যাগপত্র গ্রহণ করে সদস্যপদ থেকে তাকে বাদ দেয়। ব্যবস্থাপনা কমিটির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে মামলা করেন। কয়েক কার্যদিবস শুনানি শেষে গতকাল হাইকোর্ট এ রায় দেয়।