স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি দমন ব্যুরোর দায়েরকৃত একটি দুর্নীতির মামলা বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি ফরিদ আহমেদের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেয়।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পনা প্রতিমন্ত্রী থাকাকালে ৮১ কোটি ৬০ লাখ টাকা অবমুক্তির জন্য পরিপত্র জারির নির্দেশ দেয়ার অভিযোগে ব্যুরো রাজধানীর তেজগাঁও থানায় ২০০২ সালের ১৩ মে ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে মামলাটি করা হয়। ২০০২ সালের ২৮ আগস্ট এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়। পরে এই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। শুনানি শেষে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট গতকাল উপরোক্ত রায় দেয়।
ড. মহীউদ্দীনের পক্ষে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার শুনানিতে অংশ নেন।
