রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:৪১
আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁদের নিয়োগ দেয়া হয়। তাঁরা ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তাঁদের অধিক্ষেত্র হবে রংপুর সিটি করপোরেশন এলাকা। এদিকে, গতকাল সকালে রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সভাপতিত্বে ঐ সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো ঃ জাবেদ আলী, মো ঃ শাহ নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন। ২০ ডিসেম্বর রংপুরে সাধারণ ছুটি রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২০ ডিসেম্বর সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে গতকাল আলাদা পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে ওই দিন যদি এ এলাকায় কোন পাবলিক পরীক্ষা থাকে তবে পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতার বাইরে থাকবেন।