সিরিয়ায় খাদ্য সহায়তা কমাচ্ছে জাতিসংঘ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২০:৩২
সংঘাতপূর্ণ সিরিয়ায় অর্থ সংকটের কারণে খাদ্য সহায়তা কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। বিশ্ব খাদ্য সংস্থা বলেছে, প্রয়োজনীয় অর্থ না পেলে তাদের পক্ষে সিরিয়ায় খাদ্য সহায়তা অব্যাহত রাখা সম্ভব হবে না। এদিকে, লেবাননের উত্তরাঞ্চলীয় নগরী ত্রিপোলিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক এবং বিরোধীদের সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হওয়ার খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। অর্থ সংকটের কারণে জাতিসংঘ সংঘাতপূর্ণ সিরিয়ার লাখ লাখ লোকের খাদ্য সহায়তা কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। তবে খাদ্য সহায়তা কি পরিমাণ কমানো হচ্ছে সে সম্পর্কে কিছু বলা হয়নি। বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, প্রয়োজনীয় অর্থ না পেলে তাদের পক্ষে খাদ্য সহায়তা অব্যাহত রাখা সম্ভব হবে না। জানা গেছে, ডিসেম্বরে খাদ্য সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে সংস্থাটির প্রায় দুই কোটি ডলার প্রয়োজন। বিশ্ব খাদ্য সংস্থার মুখপাত্র আবীর ইতেফা বলেন, গত সেপ্টেম্বরে আমরা সাড়ে আট লাখ থেকে সর্বোচ্চ ১৫ লাখ লোককে খাদ্য সহায়তা দিয়েছি। এরপর থেকেই অর্থ সংকটের কারণে আমাদেরকে খাদ্য সহায়তা হ্রাস করতে হয়েছে। তিনি বলেন, পরিপূর্ণ অর্থায়ন নেই বলে আমরা অধিকসংখ্যক জনগণকে খাদ্য সহায়তা দিতে পারছি না। ফলে আমাদেরকে কঠোর পথ বেছে নিতে হচ্ছে। আমরা অধিক লোককে সাহায্য দিতে গিয়ে খাদ্যের পরিমাণ কমিয়ে দিয়েছি। ইতেফা আরো বলেন, প্রয়োজনীয় অর্থের যোগান আমরা পাবো বলে আশা করছি। অর্থ পেলেই কর্মসূচি আরো ছয় মাসের জন্য বাড়ানো হবে। প্রসঙ্গত, সিরিয়ায় দীর্ঘ ২০ মাসের গৃহযুদ্ধ এখন দেশের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো তথ্য অনুসারে, এতে প্রায় ৪০ হাজার লোক প্রাণ হারিয়েছে এবং লাখ লাখ মানুষ গৃহহারা হয়েছে। এদিকে, প্রতিবেশী দেশ লেবাননের উত্তরাঞ্চলীয় নগরী ত্রিপোলিতে গত মঙ্গল ও বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক এবং বিরোধী বন্দুকধারীদের সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এসব ঘটনায় আরো ডজনখানেক মানুষ আহত হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাবে ত্রিপোলিতে বিবদমান দুই পক্ষকে আলাদা করতে সেনাবাহিনী মোতায়েন করেছে লেবানন সরকার।