বাংলাদেশি পণ্যের রফতানি বাড়াতে পণ্যের গুণগত মানের পাশাপাশি শ্রমিকদের জীনবমান ও কর্মপরিবেশের উন্নয়নের তাগিদ দিয়েছেন বাংলাদেশ সফররত ডেনমার্কের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী পিয়া ওলসেন ডর। তিনি বলেন, ডেনমার্কে বাংলাদেশি তৈরি পোশাক পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। বাংলাদেশ এই সুযোগ নিতে পারে। বর্তমানে ডেনমার্ক বাংলাদেশ থেকে জাহাজ, কৃষিপণ্য, হিমায়িত খাবার, পাটজাত পণ্য, নিটওয়্যার ও ওভেন গার্মেন্টস আমদানি করে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ডেনিশ দূতাবাস আয়োজিত ‘ডেনমার্কের ব্যবসায়ী উদ্যোক্তা সম্মেলন ২০১২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
অনুষ্ঠানে ডেনমার্কের মন্ত্রী বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এবং দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেন। তিনি বলেন, আগামী দশকের মধ্যে বাংলাদেশ বিরাজমান অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগিয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এর জন্য তিনি অধিক হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দেন। গত এক দশকে ডেনমার্কের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে ডেনমার্কের উন্নত প্রযুক্তি স্থানান্তর ও প্রশিক্ষণ সুবিধা প্রসারের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন, ডেনমার্কে জাহাজ রপ্তানি বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের বিরাট সুযোগ এনে দিয়েছে। এর ফলে বাংলাদেশে তৈরি জাহাজ গুণগতমানের বিষয়ে ইউরোপের ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্কৃষ্ট স্থান। বিশ্বমন্দার পরও বাংলাদেশ ধারাবাহিকভাবে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির ধরে রাখতে সক্ষম হয়েছে। মহাজোট সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও কর্মসূচির ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে। ইতিমধ্যে ডেনমার্কের শিল্প উদ্যোক্তারা বাংলাদেশে জাহাজ নির্মাণ, তৈরি পোশাক, চিকিত্সার যন্ত্রপাতি, হালকা প্রকৌশল, পর্যটন, আইসিটি ও টেলিকমিউনিকেশন খাতে বিনিয়োগে এগিয়ে এসেছে। তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত বিনিয়োগ সুবিধা নিয়ে হাইটেক শিল্পখাতে ডেনমার্কের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ডেনিস রাষ্ট্রদূত ভ্যান্ড অলিং, কনফেডারেশন অব ডেনিশ ইন্ডাস্ট্রির পরিচালক জেন্স হস্ট নেলসেন, নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিল্ড কোকারহগ বক্তব্য রাখেন।
পরে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি বা যৌথ বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ব্যবসায়ী উদ্যোক্তাদের এ সম্মেলনে সবুজ প্রযুক্তি, জ্বালানি, পানি, খাদ্য ও প্রাণী বিজ্ঞান খাতের ডেনমার্কের শীর্ষস্থানীয় ১২টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর ফলে বাংলাদেশে ডেনমার্কের বিনিয়োগ বৃদ্ধি ও উন্নত প্রযুক্তি স্থানান্তরের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
