বরুড়ায় কমিটি দ্বন্দ্বে প্রধান শিক্ষক আহত সদস্যের বাড়িতে আগুন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:১০
গত বুধবার কুমিল্লার বরুড়ায় গালিমপুর টিসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুর রহমান হবি ও তার ভাইদের হামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছফিউল্লাহসহ ৩ জন ছাত্র আহত হয়। এই ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা হবির বাড়ী-ঘরে অগ্নিসংযোগ করে। এ ব্যাপারে পুলিশ ৩ জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় এলাকার লোকজন জানান, স্কুল পরিচালনা কমিটির সদস্য হবি গত মঙ্গলবার জামায়াত-শিবিরের ডাকা হরতাল চলাকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষা নেয়ার জন্য প্রধান শিক্ষক মো. ছফিউল্লাহকে চাপ প্রয়োগ করার পরও তিনি পরীক্ষা নেননি। এতে হবি ক্ষুব্দ হয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে অফিসে তালা ঝুলিয়ে দেন। এই ঘটনার জের ধরে গত বুধবার ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বর্জনসহ হবির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মাখন চক্রবর্তী কমিটির সদস্যদের নিয়ে জরুরী সভায় বসেন। এসময় হাবিবুর রহমান হবি তার ভাই মো. খোরশেদ আলম ও মো. মামুন দেশীয় অস্ত্র নিয়ে ওই মিটিংয়ে হামলা চালায়। এতে প্রধান শিক্ষক ছফিউল্লাহ, বিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ হোসেন (অপু), আবদুর রহিম, রাসেলসহ ৩ জন ছাত্র মারাত্মকভাবে আহত হয়। আহত প্রধান শিক্ষক ছফিউল্লাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকার জনতা ক্ষুব্ধ হয়ে হবির বাড়ীতে অগ্নিসংযোগ করে এবং তার ভাই খোরশেদ আলমের দোকানপাট ভাংচুর করে। খবর পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা ও ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় পুলিশ ৩ জনকে আটক করে।