কুমারখালীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:১১
কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের গড়াই নদীর ওপর সৈয়দ মাছ-উদ-রুমী সেতুতে নিয়ম বহির্ভূত অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বুধবার কুমারখালী সিএনজি চালিত অটোরিক্সা চালক সমিতি বিক্ষোভ মিছিল ও উপজেলা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পেশ করে। প্রকাশ, সেতুর ইজারাদার মেসার্স বান্ধব ট্রেডিং কোম্পনী হঠাত্ করে বুধবার থেকে সিএনজি চালিত অটোরিক্সা ও মোটর সাইকেল পারাপারে ৫ টাকার স্থলে ১০ টাকা টোল আদায় শুরু করে। অতিরিক্ত টোল দিতে অস্বীকৃতি জানালে ইজারাদারের কর্মচারিরা জোরপূর্বক টোল আদায় করছে। উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ ইত্তেফাককে বলেন, কোনো অবস্থাতেই সেতুতে অতিরিক্ত টোল আদায় করতে দেয়া হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।