জয়পুরহাটে খেজুর গাছ ভাড়া নিয়ে রস সংগ্রহ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:১১
জয়পুরহাটে শীতের শুরুতেই ব্যাপকভাবে শুরু হয়েছে খেজুরের রস থেকে গুড় উত্পাদন। প্রায় ৮ হাজার খেজুর গাছ ভাড়া নিয়ে গুড় উত্পাদনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে প্রায় ২শ’ পরিবার। এখানকার উত্পাদিত গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। এটি এখন শিল্পে পরিণত হলেও উত্পাদনের সাথে জড়িতদের অভিযোগ সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাবে প্রসার ঘটাতে পারছে না এ শিল্পের। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা, শিমুলতলী, পাটাবুকা, দরগাপাড়া, বটতলীসহ জেলার বেশ কয়েকটি গ্রামে রস সংগ্রহ করে শীত মৌসুমে গুড় উত্পাদনে ব্যস্ত হয়ে পড়ে প্রায় ২শ’ পরিবার। এলাকার প্রায় ৮ হাজার গাছ ভাড়া নিয়ে রস সংগ্রহের মাধ্যমে প্রতিদিন উত্পাদন করে প্রায় ৫০/৬০ মণ গুড়। পাশাপাশি গাছ ভাড়া দিয়েও বেশ লাভবান হচ্ছেন স্থানীয় গাছ মালিকরা।