পাবনায় মাদ্রাসা ছাত্র অপহূত, সাত লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২২:১৬
পাবনার সাঁথিয়া উপজেলা থেকে গত বুধবার এস এম খাইরুল আবরার (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রকে অপহরণ করা হয়েছে। তাকে ফিরিয়ে দিতে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। অপহূত খাইরুল উপজেলার কালাইচাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে। সে হাঁড়িয়া কাহন দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। অপহূত আবরারের পাবিবারসূত্রে জানা গেছে, গত বুধবার আবরার বার্ষিক পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে রিকশা-ভ্যানে করে বাড়ি ফিরছিল। পথে অপহরণকারী চক্রের সদস্যরা তাকে অপহরণ করে এবং ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে আবরারের চাচা আবুল বাশারের মোবাইলে ফোন করে বলা হয়, সাত লাখ টাকা দেয়া হলে আবরারকে মুক্তি দেয়া হবে। তা না হলে আবরারকে হত্যা করা হবে। এ ব্যাপারে অপহূত খাইরুল আবরারের বাবা আনিছুর রহমান সাঁথিয়া থানায় একটি অপহরণ মামলা করেছেন। পাবনার পুলিশ সুপার জাহাঙ্গির হোসেন মাতুব্বর বলেন, ‘অপহূত মাদ্রাসা ছাত্র আবরারকে উদ্ধারের চেষ্টা চলছে। আমরা অপহরণকারীদের অবস্থান সম্পর্কে মোটামুটিভাবে নিশ্চিত হয়েছি। তবে কৌশলগত কারণে এ সম্পর্কে কিছু জানানো সম্ভব হচ্ছে না।’