‘এরশাদের সঙ্গ ছাড় ুন’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২২:১৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদের সঙ্গ ছাড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যারা নূর হোসেন, ডা.মিলনকে হত্যা করেছে তাদের মন্ত্রিসভা থেকে বের করে দিন। জামায়াত ইস্যুতে প্রধানমন্ত্রী দ্বৈত নীতি গ্রহণ করেছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে বলছেন প্রধানমন্ত্রী। তিনিই একসময় জামায়াতকে সঙ্গে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলেন। এখন তিনি স্বৈরাচার এরশাদের লোকজনকে মন্ত্রিসভায় বসিয়েছেন তাতে কোনো সমস্যা নেই। প্রধানমন্ত্রীর এই দ্বৈত নীতি জনগণ মানবে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নতুন করে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি চক্রান্তের প্রতিবাদে অবস্থান ধর্মঘট’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনটির সভাপতি এম এম মেহেবুবের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের প্রমুখ বক্তৃতা করেন।