জাতীয় পার্টি-জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, তাকে কেউই কারাগারে নিতে পারবে না। কারোর ক্ষমতাও নেই তাকে জেলে বন্দি রাখার। যারা বলেন জেলে যাওয়ার ভয়ে তিনি মহাজোট ছাড়তে পারছেন না তারা ভুল বলছেন। তিনি মোটেও জেলে যেতে ভয় পান না। আর ভয় করেন না বলেই সময় হলে তিনি মহাজোট থেকে বেরিয়ে যাবেন। গতকাল বৃহস্পতিবার ‘সংবিধান সংরক্ষণ দিবস’ উপলক্ষে রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর জাপা আয়োজিত এক আলোচনা সভায় এরশাদ এসব কথা বলেন।
উল্লেখ্য, গতকাল ছিল ৬ ডিসেম্বর। ১৯৯০ সালের এই দিনে তীব্র আন্দোলনের মুখে তত্কালীন রাষ্ট্রপতি এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। ১৯৮২ সালের ২৪ মার্চ তত্কালীন সেনাপ্রধান এরশাদ সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করেন। আওয়ামী লীগসহ কোনো কোনো রাজনৈতিক দল দিনটিকে ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসাবে পালন করলেও এরশাদ ও তার দল পালন করে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসাবে।
