গণতন্ত্র মুক্তি দিবসে ১৮ দলের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। তিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলের অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৯ ডিসেম্বর দয়া করে কেউ গাড়ি বের করবেন না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়া-পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর ১৮ দলীয় জোট এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জোটের সদস্য সচিব ও বিএনপি নেতা আব্দুস সালাম। সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ, অধ্যাপক তাসনিম আলম, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি প্রমুখ বক্তৃতা করেন।
মির্জা ফখরুল বলেন, সরকার বলছে আবারো জ্বালানি তেলের দাম বাড়াবে। জ্বালানি তেলের দাম এবার বাড়ালে শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলন করে সরকারের বিদায় ঘন্টা বাজানো হবে। সরকার দলীয়রা হলমার্ক, ডেসটিনি ও শেয়ারবাজার থেকে অর্থ লুট করেছে অভিযোগ করে তিনি বলেন, সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে। বিদেশি দুর্নীতি বিষয়ক জরিপ সংস্থাও বলছে দেশে ২৯ শতাংশ দুর্নীতি বেড়েছে। বিএনপি নেতা আরো বলেন, আমরা পদ্মাসেতু দুর্নীতিতে জড়িতদের নাম প্রকাশের দাবি জানিয়েছিলাম। তাদের নাম প্রকাশ করা হয়নি। এখন থলে থেকে সব নাম বেরিয়ে আসছে।
