দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২২:১৮
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে প্রাক-যোগ্যতা যাচাইয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে দরপত্রগুলোর মূল্যায়নে পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক বছরে সেতু বিভাগের কার্যক্রমের ওপর গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, পদ্মা সেতুর প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে। ক্ষতিপূরণ প্রদানের কাজও শেষপ্রান্তে। বিস্তারিত নকশা প্রণয়ন করা হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের বর্তমানে কী অবস্থা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্প ঝুলে গেছে এ কথা বলার সময় এখনই আসেনি। এ ব্যাপারে পরিষ্কার হতে পুরো ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। টানেল সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী বলেন, জাহাঙ্গীর গেট হতে রোকেয়া সরণী পর্যন্ত টানেল নির্মাণে সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। অর্থায়ন নিশ্চিত করে যথাসময়ে টানেলের নির্মাণ কাজ শুরু করা হবে। চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। অর্থায়ন নিশ্চিত করার মাধ্যমে শীঘ্রই টানেল নির্মাণ কাজ শুরু করার পদক্ষেপ নেয়া হয়েছে। বিমান বন্দর-আশুলিয়া উড়াল সড়ক মন্ত্রী উল্লেখ করেন, বিমান বন্দর হতে আশুলিয়া সড়কের পাশ দিয়ে চন্দ্রা পর্যন্ত প্রায় ৩৪ কি.মি. দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। বেকুটিয়া সেতু তিনি আরও জানান, বরিশাল ও খুলনা বিভাগের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে পিরোজপুর-ঝালকাঠি সড়কে কচা নদীর ওপর বেকুটিয়া সেতু নির্মাণ প্রকল্পের পিডিপিপি নীতিগতভাবে অনুমোদিত হয়েছে এবং সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। এ সেতু নির্মাণে জাপান সরকারের অর্থ সহায়তা চাওয়া হয়েছে।