তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দাবি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২২:১৮
দশম জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ ও মুসলিম লীগ। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে ইসির চলমান সংলাপে অংশ নিয়ে দল দুইটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। বিকল্পধারা বলেছে, আগামী নির্বাচনের আগে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে এবং তাদের অধীনে অবশ্যই নতুন নির্বাচন কমিশন গঠিত হবে। নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী দেয়ার দাবি জানানো হয়। অন্যদিকে মুসলিম লীগ ২০০৮ সালের আগের সীমানা বহাল রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব করেছে। বিকাল ৪টায় অনুষ্ঠিত সংলাপে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান বলেন, আমরা জানি, তত্ত্বাবধায়ক ও নতুন নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাজ সহজতর করার জন্য অন্যান্য প্রশাসনিক চাপমুক্ত থাকা অবশ্যই দরকার। সংলাপে বিকল্প ধারার পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কমান্ডার (অব.) এম শহিদুর রহমান, মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, অ্যাড. শাহ আহমেদ বাদল, অহিদ উদ্দিন ও দপ্তর সম্পাদক মো. ওয়াসিমুল ইসলাম। এছাড়া মুসলিম লীগ বলেছে, নির্বাচন পদ্ধতি নিয়ে নানা জটিলতা রয়েছে তাই আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা হোক। অন্তত নির্বাচন কমিশন শক্তিশালী হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার জন্যও দাবি জানান দলটি। সংলাপে বাংলাদেশ মুসলীম লীগের পক্ষ থেকে দলের চেয়ারম্যান নূরুল হক মজুমদারের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল অংশগ্রহণ করে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ, মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ প্রমুখ।