ঝিনাইদহের ইটভাটায় আটকে রাখা ১০ শ্রমিক উদ্ধার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২২:১৯
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরব বাজারের একটি অবৈধ ইটভাটায় আটকে রাখা ১০ শ্রমিককে উদ্ধার করেছে র্যাব। গত বুধবার সন্ধ্যার পর তাদেরকে উদ্ধার করা হয়। ভৈরব বাজারের মহেশপুর ব্রিকস নামে একটি ব্যারেল চিমনীর ইটভাটায় ১১ দিন ধরে ভাটার ১০ জন হতদরিদ্র শ্রমিককে জোরপূর্বক আটকে রেখেছিল ইটভাটা মালিক। ইটভাটার মালিক, স্থানীয় সংসদ সদস্যের আত্মীয় পরিচয় দেয়ায় পুলিশ তাদের উদ্ধার করেনি। ঝিনাইদহ র্যাব-৬-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার হামিদুল হক জানান, এ সব শ্রমিককে জোরপূর্বক আটকে রাখা হয়েছিল। ইটভাটার প্রধান সরদার আকবর আলী ভাটা মালিকের কিছু টাকা নিয়ে পালিয়ে যায়। সে কারণে ভাটা মালিক ঐ শ্রমিকদের আটক রাখে। তবে ভাটা মালিকদের বিরুদ্ধে মামলা না হওয়ায় তাদেরকে আটক করা হয়নি। উদ্ধারকৃতদের তাদের এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে বাড়ি ফেরত পাঠানো হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, ইমদাদ হোসেন মেম্বর ও হজ্জেল হোসেন ইটভাটাটি চালাচ্ছেন। এ ইটভাটার কোনো লাইসেন্স বা জেলা প্রশাসকের অনুমতি নেই বলে অভিযোগ রয়েছে।