কৃষিবিদ ইনস্টিটিউশনে কার্যনির্বাহী কিমিটির নির্বাচন ২২ ডিসেম্বর

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২২:১৯
কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২০১৩-২০১৪ মেয়াদের নির্বাচন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার ছিল নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন কৃষিবিদ মো. তোফাজ্জল হোসেন। বিএনপিপন্থী এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) নির্বাচনে অংশগ্রহণ করছে না। বর্তমান কমিটির মেয়াদের তিন মাস আগে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানান, এবারের নির্বাচনে ৬৬টি জেলা শাখা ও কাউন্সিল নির্বাচনের ১০ হাজার কৃষিবিদ ভোট প্রদান করবেন। কৃষিবিদ ইনস্টিটিউশনের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মেয়াদ দুই বছর। ২০১১ সালের ১৯ মার্চ কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, সংবিধানের ধারাবাহিকতা ধরে রাখার স্বার্থে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচনের এই সিদ্ধান্ত নিয়েছে।