রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামী রবিবার ক্লাস শুরু হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা রুয়েটের ভিসি বিরোধী আন্দোলন গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেয়রের মধ্যস্থতায় স্থগিত করেছে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদ। আগামী রবিবার সকাল থেকে ক্যাম্পাসে একাডেমিক ও প্রশাসনিকসহ স্বাভাবিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের সাথে আন্দোলনরত ঐক্য পরিষদের নেতৃবৃন্দের এক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। সেই আলোচনার প্রেক্ষিতে আন্দোলনকারীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। সভায় ভিসির ফলাফল জালিয়াতির অভিযোগ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক দিক বিবেচনা করে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান।
