তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি গতকাল বৃহস্পতিবার বিকালে এক বিবৃতিতে জামায়াতে ইসলাম কর্তৃক আহূত হরতালে তাদের দলীয় কর্মী বাহিনীর হাতে মার্কিন দূতাবাসের গাড়ি ভাংচুর করার ঘটনা স্বীকার করে ক্ষতিপূরণ প্রদানের বক্তব্যের সূত্র ধরে বলেছেন, জামায়াতের হরতালে সাধারণ মানুষের যে আর্থিক ক্ষতিসহ নানা ধরনের ক্ষতি হয়েছে, যে সকল গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, পুলিশের যে সকল সদস্যের উপর হামলা চালিয়ে শারীরিক ক্ষতি করা হয়েছে, তার দায়ও জামায়াতকেই নিতে হবে। জামায়াতের বক্তব্য ও অবস্থানের মধ্য দিয়ে আবার প্রমাণ হলো- এই দল দেশের জনগণের প্রতি নয়, বিদেশি শক্তির প্রতি দায়বদ্ধ। তথ্যমন্ত্রী আরো বলেন, শুধু মার্কিন দূতাবাসের গাড়ি ভাঙচুরের ক্ষতিপূরণ নয়, সকল ধ্বংসাত্মক কার্যকলাপের দায়িত্বও জামায়াতকে নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।
